নতুন নিষেধাজ্ঞার হুমকিতে বাংলাদেশ!
রাশিয়া-অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে গম আমদানির অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে আনুষ্ঠানিক অনুরোধ করতে যাচ্ছে ইউক্রেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ইউক্রেনের দক্ষিণ এশিয়াবিষয়ক এক জ্যেষ্ঠ কূটনীতিক জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশকে একাধিকবার সতর্ক করা হলেও আমদানি বন্ধ না হওয়ায় ইউক্রেন এবার ইইউর দারস্থ হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ বা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। তবে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, “বাংলাদেশ কখনো রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে গম আমদানি করে না, বরং বৈধ উৎস থেকেই গম আমদানি করে।”
ইউক্রেন সতর্ক করে বলেছে, এ ধরনের আমদানি শুধু আমদানিকারক প্রতিষ্ঠান নয়, বরং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্মকর্তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার পথে নিয়ে যেতে পারে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বহু কৃষিভূমি দখলে রেখেছে। ২০২২ সালের পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউক্রেন বারবার অভিযোগ করে আসছে যে, রাশিয়া তাদের দখলকৃত অঞ্চল থেকে 'চুরি করা' শস্য রপ্তানি করছে। তবে রাশিয়া বরাবরই দাবি করে আসছে, তারা কেবল নিজেদের ভূখণ্ডের ফসলই রপ্তানি করছে।
রাশিয়ার তথ্যমতে, ২০২৪ সালে দেশটির মোট গম উৎপাদনের প্রায় তিন শতাংশ এসেছে দখলকৃত অঞ্চলগুলো থেকে (ক্রিমিয়া বাদে)। আর চলতি বছর মে মাসে বাংলাদেশ ছিল রুশ গমের চতুর্থ বৃহত্তম আমদানিকারক।
.webp)
Comments
Post a Comment